প্রকাশিত: : মার্চ ২৫, ২০২৬, ১২:৪৭ পিএম
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের সঙ্গে একমত হয়েছে সংসদীয় বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ তথ্য জানান। তবে জামায়াতের পক্ষ থেকে বয়সসীমা ৩৫ করার প্রস্তাব দেওয়া হলে তা বিল আকারে সংসদে উপস্থাপনের কথা জানিয়েছে সরকারি দল।
জানা গেছে, সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার জন্য জারি করা অধ্যাদেশ নিয়ে বৈঠকে আলোচনা হয়। এতে অংশ নেওয়া বিরোধী দল জামায়াতের এমপিরা বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব দেন। এ প্রস্তাবের জবাবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, বয়সসীমা বাড়ানোর বিষয়ে সব পক্ষ একমত। বিষয়টি সংসদে নতুন করে বিল আকারে তোলা যেতে পারে।
জামায়াত নেতা ও দলীয় এমপি রফিকুল ইসলাম খান বলেন, চাকরির বয়সসীমা ৩২ বছর নির্ধারণে কমিটির সবাই একমত। গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধনী) অধ্যাদেশ-২০২৬ এবং পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫ নিয়ে আরও আলোচনা হবে। বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে কয়েকটি বিষয়ে ঐকমত্য হয়েছে।
তিনি আরও বলেন, বৈঠকে আলোচিত অধিকাংশ অধ্যাদেশ সুপারিশ আকারে সংসদে উপস্থাপনের বিষয়ে কমিটি একমত হয়েছে। প্রথম দিনের বৈঠকে ২৭টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে পাঁচটি ছাড়া বাকি অধ্যাদেশগুলোর অধিকাংশ বিষয়ে কমিটির ঐকমত্য হয়েছে।