মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সিলেটে হামলা চালিয়ে মাজারের বাউলগানের আসর পণ্ড করল স্থানীয় জনতা

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ২৪, ২০২৬, ০৭:৪৩ পিএম

সিলেটে হামলা চালিয়ে মাজারের বাউলগানের আসর পণ্ড করল স্থানীয় জনতা

সিলেটের বিশ্বনাথ উপজেলায় হামলা চালিয়ে বাউলগানের আসর পণ্ড করার ঘটনা ঘটেছে। স্থানীয় একদল ব্যক্তি ভবিষ্যতে গানের আসর বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন।

গত রোববার রাতে শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারের পাশে এই ঘটনা ঘটে। হামলার ভিডিও সোমবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ইব্রাহিম শাহ মাজারকে কেন্দ্র করে প্রায় ১০০ বছর ধরে বাউলগানের আসর অনুষ্ঠিত হয়ে আসছে। সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ভক্ত ও দর্শনার্থীরা এতে অংশ নেন। এবারের তিন দিনব্যাপী আসরের দ্বিতীয় দিনে রাতের অনুষ্ঠান চলাকালীন শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে আসর পণ্ড করে দেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হামলার স্থান ছিল মাজারের মূল ভেন্যুর বাইরে, গ্রামের পাশে তৈরি একটি মঞ্চে গান চলছিল। স্থানীয়দের ঘুমে ব্যাঘাত ঘটায় তারা এসে গান বন্ধ করে দিয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা মঞ্চে উঠে বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করেছেন। দর্শনার্থীদের জন্য রাখা চেয়ারও তারা ভেঙে ফেলেছেন এবং মঞ্চে দাঁড়িয়ে নানা ধরনের স্লোগান দিয়েছেন। পরে মিছিল করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

মাজারের খাদেম দুদু মিয়া জানিয়েছেন, প্রায় ১০০ বছর ধরে মাজারকে ঘিরে ওরস অনুষ্ঠান হয়ে আসছে, যার জন্য প্রতিবছর সিলেটের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসে। রোববার রাতে এক ব্যক্তি তার আত্মীয়স্বজন নিয়ে এসে হঠাৎ হামলা চালায়। হামলাকারীরা আগে মাজার কর্তৃপক্ষকে কোনো অভিযোগ জানায়নি। পরে তারা পাশের মসজিদের জানালা ভাঙচুর করে ঘটনাটি ভিন্ন দিকে পরিচালনা করার চেষ্টা করেন।

ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, মাজার বা মূল ভেন্যুতে কোনো ক্ষতি হয়নি। উভয় পক্ষই নিজেদের ভুল স্বীকার করেছে। রাতে গান বাজিয়ে ঘুমের ব্যাঘাত ঘটানো এবং অপর পক্ষের গানবাজনা বন্ধ করা উভয়ই ঠিক হয়নি। স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং কোনো পক্ষ মামলা-মোকদ্দমা করেনি।

Link copied!