বুধবার, ২৪ জুন, ২০২৬

‍‍`পার্টনারস ফর প্রসপারিটি‍‍` প্রকল্পে ১৭টি সংগঠনের জন্য প্রায় ২৫ লক্ষ টাকার অনুদান

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ২৫, ২০২৬, ০৯:২৩ পিএম

‍‍`পার্টনারস ফর প্রসপারিটি‍‍` প্রকল্পে ১৭টি সংগঠনের জন্য প্রায় ২৫ লক্ষ টাকার অনুদান

ঢাকা, ২০ মে ২০২৬ – পার্টনার্স ফর প্রোসপারিটি প্রকল্পের দ্বিতীয় বর্ষের শেষ পর্যায়ের অনুদানসমূহ হস্তান্তরের অনুষ্ঠানটি আজ ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটিতে ৪টি কমিউনিটি ভিত্তিক সংস্থা “Community Based Organization (CBO)” এর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে  দেওয়া হয়।

পার্টনার্স ফর প্রোসপারিটি প্রকল্পের আওতায় দাতা সংস্থা মুসলিম চ্যারিটি ইউকে (Muslim Charity UK)  এবং অভিযাত্রিক ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত আঞ্চলিক সংস্থাসমূহকে তাদের নিজ নিজ অঞ্চলে মানুষের সহায়তায় অবদান রাখার জন্য বিগত ২ বছর যাবৎ অনুদান প্রদান করে আসছে। বাংলাদেশের স্থানীয় বা তৃণমূল পর্যায়ে তরুণদের দ্বারা পরিচালিত বিভিন্ন সংস্থা নিজ নিজ অঞ্চলের বা সম্প্রদায়ের মানুষদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তবে বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার কারণে তাদের পক্ষে দাতা সংস্থার কাছে সরাসরি অনুদান প্রাপ্তির আবেদন করা সম্ভব হয়ে উঠে না। পার্টনার্স ফর প্রোসপারিটি প্রকল্পের আওতায় অভিযাত্রিক ফাউন্ডেশন ঢাকা বিভাগে তৃণমূল পর্যায়ে কাজ করা এসব সংস্থার কাছে মুসলিম চ্যারিটির অনুদান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি সেতুবন্ধনের ভূমিকা পালন করছে। প্রকল্পটির আওতায় অভিযাত্রিক ফাউন্ডেশনের হাত ধরে বিগত ২ বছরে ঢাকা বিভাগে প্রায় ১৭ টি তরুণ সংগঠনকে প্রকল্পভেদে ৫০,০০০ টাকা (পঞ্চাশ হাজার টাকা) হতে ১,৫০,০০০ টাকা (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) হিসেবে সর্বমোট ২৪,৯২,৪৫৭ টাকা (চব্বিশ লক্ষ বিরানব্বই হাজার চারশত সাতান্ন টাকা) আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। প্রকল্পটির প্রথম বর্ষের কার্যক্রমের বিভিন্ন ধাপে ঢাকা জেলা প্রসাশন সম্পৃক্ত ছিলেন। বর্তমানে প্রকল্পটির দ্বিতীয় বর্ষের কার্যক্রম পরিচালিত হচ্ছে যা আগামী ৩০ জুন ২০২৬ এ সমাপ্ত হবে। প্রকল্পটির দ্বিতীয় বর্ষের শেষ পর্যায়ের অনুদানসমূহ হস্তান্তরের জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

আজকের অনুদান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম এবং অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনজিও শাখা) জনাব মুঃ মাহবুব-উল-আলম । অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন অভিযাত্রিক ফাউন্ডেশন এবং কমিউনিটি ভিত্তিক সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানটি শুরু হয় অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিনিধিদল কর্তৃক অভিযাত্রিক ফাউন্ডেশন এবং পার্টনার্স ফর প্রোসপারিটি প্রকল্পের একটি সংক্ষিপ্ত বর্ণনা প্রদানের মধ্য দিয়ে। পরবর্তীতে মাননীয় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনজিও শাখা) জনাব মুঃ মাহবুব-উল-আলম তার মূল্যবান মতামত তুলে ধরেন। প্রকল্পটির  প্রতি সাধুবাদ জানিয়ে তিনি বলেন- “ অভিযাত্রিক ফাউন্ডেশনের হাত ধরে মুসলিম চ্যারিটির অনুদান তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয় এবং এই প্রকল্পের মহতী উদ্দেশ্য বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমার তার পূর্ণ আশ্বাস দিচ্ছি।” এ সময় CBO প্রতিনিধিবৃন্দও অনুদান প্রাপ্তির পর তাদের আনন্দ-অনুভূতি প্রকাশ করেন। নিজেদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে একজন CBO প্রতিনিধি বলেন- “মুসলিম চ্যারিটির এই অনুদান আমাদেরকে স্থানীয় পর্যায়ে মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিচ্ছে। তাই আমরা তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। একই সঙ্গে আমরা কৃতজ্ঞ অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতি এই অনুদান প্রাপ্তির পুরো যাত্রায় আমাদের পাশে থাকার জন্য।“

৩০ জুন ২০২৭ এ প্রকল্পটির মেয়াদ সমাপ্ত হবে। প্রকল্পটির সাফল্যের উপর ভিত্তি করে দাতা সংস্থা প্রকল্পটিকে পুনরায় বৃহৎ পরিসরে সম্প্রসারিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য যে, পার্টনার্স ফর প্রোসপারিটি প্রকল্পটি ঢাকা বিভাগের পাশাপাশি বাংলাদেশের আরও ৪টি বিভাগঃ বরিশাল, রাজশাহী, সিলেট এবং চট্টগ্রামে চলমান রয়েছে। বাংলাদেশে ঢাকা বিভাগে এই প্রকল্পটির সবচেয়ে পুরাতন কৌশলত সহযোগি হিসেবে কাজ করে যাচ্ছে অভিযাত্রিক ফাউন্ডেশন।

Link copied!