বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ইরানে বোমা হামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ২৫, ২০২৬, ০২:৫০ পিএম

ইরানে বোমা হামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় বিশ্বখ্যাত ও পুরস্কারপ্রাপ্ত ইরানি চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বাঘাই লিখেছেন, "কিয়ারোস্তামির বাড়ি কি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কথিত ‍‍`আসন্ন হুমকি‍‍`র অংশ ছিল? সত্য হলো, এই আমেরিকান-ইসরায়েলি খামখেয়ালি যুদ্ধ কেবল একটি রাষ্ট্রের বিরুদ্ধে নয়—এটি একটি সুগভীর সংস্কৃতি, সভ্যতা এবং পরিচয়ের বিরুদ্ধে যুদ্ধ।"

কিয়ারোস্তামির ছেলে আহমদ কিয়ারোস্তামি জানিয়েছেন, গত রাতের বোমা হামলায় তার বাবার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য হলিউড রিপোর্টার-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আহমদ কিয়ারোস্তামি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‍‍`গত রাতে চিজার এলাকায় বোমাবর্ষণ করা হয়েছে, যেখানে আমার মা এবং বাবা—উভয়েরই বাড়ি অবস্থিত। গত রাতে মা ফোন করে অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে নিজের সুস্থতার কথা জানিয়েছিলেন, কিন্তু আজ সকালে জানতে পারলাম যে বাবার বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।‍‍`

ইরানের অন্যতম সেরা পরিচালক আব্বাস কিয়ারোস্তামি ২০১৬ সালে মারা যান। তিনি ১৯৯৭ সালে তার বিখ্যাত চলচ্চিত্র ‍‍`টেস্ট অব চেরি‍‍`-র জন্য কান চলচ্চিত্র উৎসবে ‍‍`পাম ডি‍‍`অর‍‍` (স্বর্ণ পাম) জিতেছিলেন। এছাড়া, জুলিয়েট বিনোচে অভিনীত ফরাসি চলচ্চিত্র ‍‍`সার্টিফাইড কপি‍‍`-র মাধ্যমেও তিনি আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করেন।

তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‍‍`ক্লোজ-আপ‍‍` এবং ‍‍`হোয়্যার ইজ দ্য ফ্রেন্ডস হাউস‍‍`।

Link copied!