প্রকাশিত: : এপ্রিল ১৯, ২০২৬, ০২:০৫ পিএম
বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং আবারও বাবা-মা হতে চলেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক হৃদয়ছোঁয়া পোস্টের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন দীপিকা।
পোস্টে দেখা যায়, তাঁদের কন্যা দুয়া পাড়ুকোন সিং একটি প্রেগন্যান্সি টেস্ট হাতে ধরে আছে, যেখানে স্পষ্ট দুটি গোলাপি দাগ—যা পজিটিভ ফলাফলের ইঙ্গিত দেয়। ছবিতে দীপিকা ও রণবীরের হাতও কোমলভাবে মেয়েকে জড়িয়ে থাকতে দেখা যায়। সহজ-সরল এই ঘোষণায় ক্যাপশনে শুধু ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেন দীপিকা। পোস্টটি দুজনেই যৌথভাবে শেয়ার করেছেন।
এখবর প্রকাশের পর সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। অভিনেত্রী পারিনীতী চোপড়া দম্পতিকে অভিনন্দন জানান, আর সামান্থা রুথ প্রভু ভালোবাসা জানান লাল হৃদয়ের ইমোজিতে। এক ভক্ত লিখেছেন, “দুয়া এবার ভাই বা বোন পেতে যাচ্ছে।” আরেকজনের মন্তব্য, “আবার কি ছোট্ট দীপিকা আসছে?” কেউ লিখেছেন, “কিছু খবর মন ভালো করে দেয়… এটা ঠিক তেমনই।” অন্য একজন লিখেছেন, “ভালোবাসা রইল দীপু, রণবীর ও ছোট্ট প্রিন্সেস দুয়ার জন্য।”