প্রকাশিত: : এপ্রিল ২৬, ২০২৬, ০৩:১৯ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৮০০ বাউন্ডারি (চার) মারার অনন্য কীর্তি গড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি। একই সাথে টুর্নামেন্টের তৃতীয় ব্যাটার এবং নির্দিষ্ট একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০ ছক্কার মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। গতরাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে চলতি আইপিএলের ৩৪তম ম্যাচে এই রেকর্ড গড়েন ‘কিং কোহলি’।
গুজরাটের বিপক্ষে মাঠে নামার আগে কোহলির নামের পাশে ছিল ৭৯৯টি চার। নিজের খেলা প্রথম বাউন্ডারিতেই তিনি আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৮০০ চারের মাইলফলক ছুঁয়ে ফেলেন। ম্যাচটিতে ৪৪ বলে ৪টি ছক্কা ও ৮টি চারের সাহায্যে ৮১ রানের একটি দুর্দান্ত ও ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি। এই রেকর্ড গড়তে ২৭৪ ম্যাচের ২৬৬টি ইনিংস ব্যাট করেছেন কোহলি।
আইপিএলে সর্বোচ্চ চার মারার তালিকায় কোহলির পরেই আছেন সাবেক বাঁ-হাতি ভারতীয় ব্যাটার শিখর ধাওয়ান (২২১ ইনিংসে ৭৬৮টি চার)। এরপর যথাক্রমে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৬৬৩টি), ভারতের রোহিত শর্মা (৬৫৩টি) এবং আজিঙ্কা রাহানে (৫২২টি)।
বাউন্ডারির রেকর্ডের পাশাপাশি আইপিএলের সর্বোচ্চ রানের মালিকও এখন কোহলি। তার বর্তমান রান ৮,৯৮৯। আর মাত্র ১১ রান করতে পারলেই তিনি টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের অভাবনীয় মাইলফলক স্পর্শ করবেন।
চার মারার রেকর্ডের দিনে ছক্কার ইতিহাসেও নতুন করে নাম লিখিয়েছেন এই ডানহাতি ব্যাটার। ২৯৯টি ছক্কা নিয়ে ম্যাচ শুরু করা কোহলি ব্যাঙ্গালুরুর ইনিংসের অষ্টম ওভারে আফগান লেগ স্পিনার রশিদ খানের বল লং-অন দিয়ে উড়িয়ে মেরে নিজের ৩০০তম ছক্কা পূর্ণ করেন। ২০০৮ সাল থেকে ব্যাঙ্গালুরুর হয়ে খেলা কোহলিই আইপিএল ইতিহাসে নির্দিষ্ট কোনো এক দলের হয়ে ৩০০ ছক্কা হাঁকানো প্রথম ক্রিকেটার।
তবে সার্বিকভাবে আইপিএলে সর্বোচ্চ ছক্কার তালিকায় তৃতীয় স্থানে আছেন কোহলি। এই তালিকার শীর্ষে রয়েছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ১৪১ ইনিংসে তার ছক্কার সংখ্যা ৩৫৭টি। তালিকার দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা, যিনি ২৭১ ইনিংসে ৩১০টি ছক্কা হাঁকিয়েছেন।