শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কাতালান ফুটবল ক্লাব ‘করনেলা’ কিনলেন মেসি

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ১৭, ২০২৬, ১২:৫৮ এএম

কাতালান ফুটবল ক্লাব ‘করনেলা’ কিনলেন মেসি

আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি স্প্যানিশ ক্লাব ‘ইউই করনেলা’র নতুন মালিক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেললেও বার্সেলোনার প্রতি গভীর টান এবং কাতালোনিয়ার স্থানীয় খেলাধুলার মানোন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। 
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে মেসির এই মালিকানা গ্রহণের খবরটি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে করনেলা কর্তৃপক্ষ জানায়, মেসির আগমন ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর মাধ্যমে ক্লাবের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে।

ক্লাবটি আরও যোগ করে,"লিও মেসির এই উদ্যোগ বার্সেলোনার সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক এবং কাতালোনিয়ার স্থানীয় প্রতিভা বিকাশে তাঁর অঙ্গীকারকেই পুনর্ব্যক্ত করে।"
পঞ্চম স্তরের ক্লাব হলেও করনেলার একাডেমি থেকে উঠে এসেছেন বিশ্বখ্যাত অনেক ফুটবলার। আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া এবং মেসির সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা এই ক্লাবেই ফুটবলের হাতেখড়ি পেয়েছিলেন।
তবে আগের দুই মৌসুমে টানা অবনমনের শিকার হয়ে বর্তমানে ধুঁকছে ক্লাবটি। মেসির মালিকানায় ক্লাবটি আবার পুরনো গৌরব ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।

ক্লাব মালিকানায় নাম লেখালেও মাঠের ফুটবলে এখনো সমান ব্যস্ত মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলার পাশাপাশি এ বছর আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও তিনি মূল ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
আমেরিকার সুপারবোলের আদলে ফিফা যখন বিশ্বকাপের হাফ টাইম শো-র পরিকল্পনা করছে, ঠিক তখনই মেসির এই ক্লাব কেনার খবরটি বিশ্ব ফুটবল মহলে নতুন করে আলোচনার জন্ম দিলো।

Link copied!