প্রকাশিত: : ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:০১ পিএম
আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে একাধিকবার চাকরিচ্যুতি ও পুনর্বহালের পর অবশেষে দেশের সর্বোচ্চ পুলিশ পদে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হবেন।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে একবার চাকরিচ্যুত করা হয়। বিএনপি সরকারের সময় তিনি চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর তিনি সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান। আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে। ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম আমলে রাজনৈতিক রোষানলের শিকার হয়ে তাকে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান।
কর্মজীবনে তিনি চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত। এসপি হিসেবে তিনি একাধিক জেলায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০০৮ সালে তিনি ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। এরপর তিনি জাতিসংঘ মিশনে যান। জাতিসংঘ থেকে দেশে ফেরার পর তাকে রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে সংযুক্ত করা হয়। সেখানে থাকা অবস্থায় ২০২২ সালে শেখ হাসিনার সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল।