বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মুখ্যমন্ত্রীর শপথ নিয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ প্রদানের আদেশ থালাপতি বিজয়ের

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ১০, ২০২৬, ০৮:৩৬ পিএম

অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, মাদকের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স ও নারী নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক ন্যায়বিচারকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর শপথ নিয়েই বিনামূল্যে  ২০০ ইউনিট বিদ্যুৎ প্রদানের আদেশ  থালাপতি বিজয়ের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। রোববার (১০ মে) শপথ নেওয়ার পর নিজের প্রথম সিদ্ধান্ত হিসেবে তিনি বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ, মাদকের বিরুদ্ধে অভিযান এবং নারী নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নির্দেশ দেন। তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান বিজয় তার প্রথম নির্দেশনায় রাজ্যের সব পরিবারকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা বলেন। পাশাপাশি মাদকের বিস্তার রোধে একটি ‍‍`বিশেষ টাস্কফোর্স‍‍` এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‍‍`বিশেষ বাহিনী‍‍` ও হেল্পলাইন চালুর নির্দেশ দেন।

তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্য ও জলের মতো মৌলিক অধিকারগুলোতে তার সরকারের বিশেষ নজর থাকবে। তিনি বলেন, ‍‍`কৃষক ও জেলেদের যত্ন নেওয়া হবে। সবকিছু ভালো হবে।‍‍` অতীতের মতো এবারও নিজের আবেগঘন বক্তব্য শুরু করেন তিনি তার বিখ্যাত তামিল উক্তি ‍‍`এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম‍‍` (যারা আমার হৃদয়ে বাস করে) দিয়ে, যা তিনি সাধারণত ভক্তদের উদ্দেশে বলেন।

বিজয় বলেন, ‍‍`একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা চিনি, আমি কোনো রাজপরিবার থেকে আসিনি। আমি অনেক কষ্টের সম্মুখীন হয়েছি, অনেকেই আমাকে অপমান করেছে। আমি আপনাদের ছেলে, আপনাদের ভাইয়ের মতো। আপনারা আমাকে আপনাদের হৃদয়ে জায়গা দিয়েছেন, আমাকে গ্রহণ করেছেন।‍‍`

তিনি তরুণ ভোটার এবং বিশেষ করে ‍‍`জেন জি‍‍` সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিজয় বলেন, ‍‍`যে ছোট বন্ধুরা আমাকে ‍‍`বিজয় মামা‍‍` বলে ডাকে, তাদের প্রতি বিশেষ ধন্যবাদ। তাদের কারণেই আজ এই সবকিছু সম্ভব হয়েছে। আপনাদের ভবিষ্যতের জন্য কাজ করে আমি আমার এই কৃতজ্ঞতার ঋণ শোধ করব। আত্মবিশ্বাসী থাকুন, এই বিজয় মামা সব সময় আপনাদের পাশে থাকবে।‍‍`

জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‍‍`ডিএমকে রাজ্যের কোষাগার খালি করে দিয়েছে এবং আমরা ১০ লাখ কোটি টাকার (২০২৭ সালের মার্চ পর্যন্ত প্রজেক্টেড) ঋণের বোঝা নিয়ে দায়িত্ব নিয়েছি। আমরা জনগণের তহবিলের এক কানাকড়িও নেব না এবং কাউকে রাজ্য লুট করতে দেব না।‍‍` ‍‍`নতুন যুগের প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের‍‍` প্রতিশ্রুতি দিয়ে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রবীণ চক্রবর্তী, বাম নেতা এম এ বেবি এবং অন্যান্য মিত্রদের ধন্যবাদ জানান। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন পেয়ে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের প্রয়োজনীয় ১১৮ আসনের বাইরে ছিল। প্রায় এক সপ্তাহের অনিশ্চয়তার পর শনিবার সন্ধ্যায় ভিএসকে ও আইইউএমএল (উভয় দলের দুজন করে বিধায়ক) বিজয়কে সমর্থন জানালে পরিস্থিতি স্পষ্ট হয়।

এর আগে কংগ্রেস (৫ আসন) এবং সিপিআই ও সিপিআই-এম (২ আসন করে) বিজয়কে সমর্থন দিয়েছিল। সব মিলিয়ে টিভিকে নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা এখন ১২০-এ পৌঁছেছে। তবে বিজয়ের জন্য বড় পরীক্ষা হবে বিধানসভায় ১৩ মে-এর আগে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা।

Link copied!