বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ৪, ২০২৬, ০১:৩৫ এএম

গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ

গাজা উপত্যকায় দুই বছর ধরে চলা ইসরায়েলের সামরিক অভিযানে ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র ‍‍`হারেতজ‍‍`। খবর আল জাজিরা।
ওই প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ধ্বংসস্তূপের মাত্র এক শতাংশেরও কম অংশ পরিষ্কার করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপ অপসারণের এ কাজ পুরোপুরি সম্পন্ন হতে সাত বছর পর্যন্ত সময় লাগতে পারে। এর চেয়েও দুঃখজনক বিষয় হলো, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আত্মীয়-স্বজনদের উদ্ধার ও দাফনের জন্য তাদের পরিবারগুলো অপেক্ষা করে চলছে।

উদ্ধার কার্যক্রম চালানো ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে এলাকাগুলো পরিষ্কার করতে বেশ বেগ পেতে হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির নিয়মিত লঙ্ঘন করছে ইসরায়েল। এর ফলে যুদ্ধবিরতি চলাকালীন সময়ে ৮২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৩৪২ জন আহত হয়েছেন।

আর দুই বছরের যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন প্রায় এক লাখ ৭২ হাজার মানুষ। এছাড়া ১ লাখ ৭২ হাজার ফিলিস্তিনি আহত এবং দেশটির ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এ পুনর্গঠন কাজের খরচ প্রায় ৭০ বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করছে জাতিসংঘ।

Link copied!