শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধে ‘মানসিক চাপে’ ৯.৫ লাখ গ্যালন কফি পান করেছে মার্কিন সেনারা

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ৯, ২০২৬, ০৬:১৩ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র জানাল—ছয় সপ্তাহের যুদ্ধে সেনারা পান করেছে প্রায় ৯.৫ লাখ গ্যালন কফি, খেয়েছে ৬০ লাখের বেশি মিল।

ইরান যুদ্ধে ‘মানসিক চাপে’ ৯.৫ লাখ গ্যালন কফি পান করেছে মার্কিন সেনারা

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর জেনারেল ড্যান কেইন যুদ্ধের কিছু চমকপ্রদ ও অপ্রাতিষ্ঠানিক পরিসংখ্যান তুলে ধরেছেন। ‍‍`অপারেশন এপিক ফিউরি‍‍` চলাকালীন সেনাদের রসদ ব্যবহারের হিসাব দিতে গিয়ে তিনি জানান, ছয় সপ্তাহের এই অভিযানে মার্কিন সেনারা ৬০ লাখ বেলারও বেশি খাবার গ্রহণ করেছেন। দীর্ঘ লড়াইয়ে ক্লান্তি দূর করতে সেনাদের বড় ভরসা ছিল ক্যাফেইন ও এনার্জি ড্রিংক। পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে তারা প্রায় ৯ লাখ ৫০ হাজার গ্যালন (প্রায় ৭৬ লাখ কাপ) কফি এবং ২০ লাখ ক্যান এনার্জি ড্রিংক পান করেছেন। এছাড়া বিপুল পরিমাণ নিকোটিন ব্যবহারের তথ্যও কেইন হাস্যরসের সাথে উপস্থাপন করেন।

সেনাদের অটল মনোবল ও সাহসিকতার প্রশংসা করে জেনারেল কেইন বলেন, যুদ্ধক্ষেত্র ছিল প্রচণ্ড উত্তপ্ত, অন্ধকার এবং অনিশ্চয়তায় ভরা। এমন প্রতিকূল ও বিশৃঙ্খল পরিবেশেও মার্কিন সেনারা অজানার ভয় উপেক্ষা করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তাদের এই ত্যাগ ও মনোবলই জাতির প্রত্যাশা পূরণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, একই ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে পেন্টাগন তাদের প্রাথমিক লক্ষ্য অর্জন করেছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও মার্কিন বাহিনী এই অঞ্চল থেকে পুরোপুরি সরে যাচ্ছে না; বরং পরিস্থিতির ওপর নজর রাখতে তারা ‍‍`আশপাশেই‍‍` অবস্থান করবে।

Link copied!