রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

১৪ বছর পর এভারেস্টের পথে বাংলাদেশি নারী

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ১০, ২০২৬, ০৮:৩২ পিএম

১৪ বছর পর এভারেস্টের পথে বাংলাদেশি নারী

২০১২ সালে এক সপ্তাহের ব্যবধানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছিলেন দুই বাংলাদেশি নারী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন। এরপর দীর্ঘ ১৪ বছর আর কোনো বাংলাদেশি নারীকে এভারেস্ট অভিযানে দেখা যায়নি। সেই বিরতি ভাঙতে এবার অভিযানে যাচ্ছেন পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি।
এভারেস্ট যাত্রা সম্পর্কে নুরুন্নাহার নিম্নি জানান, তিনি আগামী ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওনা দেবেন। কাঠমান্ডু হয়ে লুকলা পৌঁছে সেখান থেকে এভারেস্ট বেসক্যাম্পে যাবেন তিনি। নেপালের ‘এইটকে এক্সপেডিশন’-এর সঙ্গে তার এ অভিযান প্রায় ৫০ দিনের। সাধারণত মে মাসের ১৫ থেকে ২৩ তারিখের মধ্যে শৃঙ্গে আরোহণের চেষ্টা করা হয়।
এভারেস্ট জয়ের স্বপ্ন কবে থেকে দেখছেন—এ প্রশ্নের জবাবে নিম্নি বলেন, “২০০৬ সালের কথা। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে প্রথম বর্ষে পড়ি। ফিল্ডওয়ার্কে সীতাকুণ্ডে গিয়েছিলাম। চন্দ্রনাথ পাহাড়ের ওপর উঠে মনে হয়েছিল, আমি যেন এভারেস্টে উঠেছি! সেখান থেকেই পাহাড়ের প্রতি আলাদা টান তৈরি হয়।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের বেশির ভাগ সময়ই বান্দরবানের পাহাড়ে ঘুরেছি। আমার বাড়ি রংপুরে; তবে ছুটিতে যতবার না বাড়ি গেছি, তার চেয়ে বেশি গেছি পাহাড়ে।”
চাকরিজীবনে যুক্ত হলেও পাহাড়ের টান কমেনি উল্লেখ করে তিনি বলেন, “বরং তা আরও বেড়েছে। ভুটানের পাহাড়, ভারতের সিকিমের পাহাড়, এরপর নেপাল। ২০১৯ সালে নেপালের অস্ট্রেলিয়ান ক্যাম্পে ঘুরে এসে মনে হলো, আরও উঁচুতে যাওয়া দরকার। পরের বছর এভারেস্ট বেসক্যাম্প ট্রেক করি। সেই অভিজ্ঞতা আমাকে নতুন করে ভাবায়। তখনই বুঝি, শুধু ট্রেকিং নয়, পর্বতারোহণে সিরিয়াসভাবে এগোতে হবে। এরপরই প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নিই।”

Link copied!