মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ৬, ২০২৬, ০৯:৩৭ পিএম

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের অভিযোগ তুলে এই পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম। সোমবার পাঠানো এই নোটিশে সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারিরও দাবি জানানো হয়েছে।

নোটিশদাতার অভিযোগ, দেশে বর্তমানে হামের যে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এর ফলে শতাধিক শিশুর মৃত্যু ও অসংখ্য নাগরিক অসুস্থ হওয়ার পেছনে টিকাদান ব্যবস্থায় আনা এই পরিবর্তন দায়ী। এই প্রক্রিয়াটিকে একটি ‍‍`অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ড‍‍` হিসেবে অভিহিত করে এর পেছনে ড. ইউনূস ও তার বিশেষ সহকারীসহ সকল উপদেষ্টার সম্পৃক্ততা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।

আইনি নোটিশে ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মোস্তফা সরয়ার ফারুকীর মতো উপদেষ্টাদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও তদন্তের দাবি তোলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমনে বিধি-নিষেধ আরোপ করতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সচিবদের বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। এতে আগামী পাঁচ দিনের মধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Link copied!