প্রকাশিত: : মার্চ ১৪, ২০২৬, ০৫:০৪ পিএম
ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় করতে পরীক্ষামূলকভাবে ট্রেনে ফ্রি স্টারলিংক ওয়াই–ফাই সেবা চালু করেছে সরকার। ফলে এখন থেকে যাত্রীরা চলন্ত ট্রেনেও বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
আজ থেকে বাংলাদেশ রেলওয়ের চারটি বিরতিহীন আন্তঃনগর ট্রেনে এই সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ট্রেনগুলো হলো সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস। এসব ট্রেনে ভ্রমণরত যাত্রীরা চলন্ত অবস্থাতেই ফ্রি ওয়াই–ফাই ইন্টারনেট সুবিধা পাবেন।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়েছে। এর ফলাফল সন্তোষজনক হলে ধাপে ধাপে অন্যান্য ননস্টপ ও চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনেও স্টারলিংক ওয়াই–ফাই সেবা চালু করা হবে। এতে দীর্ঘ ট্রেনযাত্রায় যাত্রীদের ভ্রমণ আরও আনন্দদায়ক ও সাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।