রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬

মঞ্চে নারী থাকায় ‍‍`অস্বস্তি‍‍` চরমোনাই প্রার্থীর; টকশোর মঞ্চ থেকে উঠিয়ে দেওয়া হলো ডা. মনীষাকে

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:৩০ পিএম

মঞ্চে নারী থাকায় ‍‍`অস্বস্তি‍‍` চরমোনাই প্রার্থীর; টকশোর মঞ্চ থেকে উঠিয়ে দেওয়া হলো ডা. মনীষাকে

কোনো নারীর সঙ্গে অনুষ্ঠানে বসবেন না ইসলামী আন্দোলনের প্রার্থী - এ অভিযোগ তুলে বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী দাবি করেছেন, তাকে অনুষ্ঠানের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার বাসদের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির টকশো ‍‍`জনতার দরবার‍‍` অনুষ্ঠানে ঘটনাটি ঘটে বলে জানানো হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বরিশাল-৫ আসনের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী সাংবাদিকতার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। বাসদের বরিশাল জেলা সমন্বয়ক মনীষার অভিযোগ, অনুষ্ঠানের মাঝপথে তাকে মঞ্চ থেকে সরে যেতে বলা হয়। তখন চ্যানেল কর্তৃপক্ষ তাকে জানায়, প্রতি পর্বে একজন অতিথি পর্যায়ক্রমে বাইরে যাবেন এবং পরে আবার যুক্ত হবেন। তবে পরে তিনি লক্ষ্য করেন, অন্য কোনো অতিথির ক্ষেত্রে এমনটি ঘটেনি। তার মতে, এটি ছিল একটি অজুহাত। তিনি এ ঘটনাকে স্বচ্ছতা ও সততার ঘাটতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন এবং নারীবিদ্বেষকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন।

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বুধবার রাতে ফেসবুক লাইভে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, বরিশাল-৫ আসনের চরমোনাইয়ের একজন প্রার্থী একজন নারীর সঙ্গে একই মঞ্চে বসে আলোচনা করতে অস্বস্তি বোধ করায় তাকে সরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, এটি নারীবিদ্বেষের বহিঃপ্রকাশ এবং চ্যানেল কর্তৃপক্ষ সেই মনোভাবকে সমর্থন করেই এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি ঘটনাটিকে সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থি, অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ বলে উল্লেখ করেন। পূর্ব ঘোষণা ছাড়াই একজন আমন্ত্রিত অতিথিকে এভাবে সরিয়ে দেওয়া পেশাদার সাংবাদিকতার মানদণ্ডের লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।

ডা. মনীষা বলেন, আগে থেকেই যদি তাকে জানানো হতো যে অনুষ্ঠানে এমন একজন অতিথি থাকবেন, যিনি নারীর সঙ্গে বসতে অনিচ্ছুক এবং সে কারণে তাকে সরে যেতে হতে পারে, তাহলে তিনি ওই অনুষ্ঠানে অংশ নিতেন না। ফেসবুক লাইভে তিনি বলেন, "যিনি জনসংখ্যার অর্ধেক অংশ অর্থাৎ নারীদের সঙ্গে বসে আলোচনা করতে পারেন না, তিনি আদৌ সব মানুষের প্রতিনিধি হতে পারেন কিনা- সেটাই বড় প্রশ্ন।" তার মতে, এমন মনোভাবকে জায়গা দিয়ে সংশ্লিষ্ট চ্যানেল একটি প্রশ্নবিদ্ধ নজির স্থাপন করেছে। তবে আয়োজক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!