প্রকাশিত: : ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:৩৪ পিএম
যুদ্ধবিধ্বস্ত গাজায় পুনর্বাসন উদ্যোগের অংশ হিসেবে ৫ কোটি ডলার ব্যয়ে নতুন ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে ফিফা; পাশাপাশি একাডেমি ও একাধিক মাঠ নির্মাণেও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।
যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে ফিফা। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার জন্য স্টেডিয়ামের খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছে ফুটবলের এই আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা। এ অঙ্গীকার করা হয় গত বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের `বোর্ড অব পিস`-এর প্রথম বৈঠকে। বৈঠকে নয়টি দেশ গাজার পুনর্বাসন তহবিলে ৭০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আরও পাঁচটি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে সেনা পাঠানোর বিষয়েও সম্মত হয়।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, "আমাদের শুধু বাড়ি, স্কুল, হাসপাতাল বা সড়ক পুনর্গঠন করতে হবে না। আমাদের মানুষ, তাদের আবেগ, আশা ও আস্থাকেও নতুন করে গড়ে তুলতে হবে। আর ফুটবল সেই কাজটি করে।" ফিফার পক্ষ থেকে ২০–২৫ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়াম নির্মাণে ৫ কোটি ডলার (প্রায় ৬১২ কোটি ১১ লাখ টাকা) দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
সংস্থা আরও জানায়, ১ কোটি ৫০ লাখ ডলারে একটি একাডেমি নির্মাণ করা হবে। ৫০টি ছোট ফুটবল মাঠ (`অ্যারেনা মিনি পিচ`) নির্মাণে অতিরিক্ত ২৫ লাখ ডলার এবং ৫টি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণে প্রতিটি মাঠের জন্য ১০ লাখ ডলার ব্যয়ের ঘোষণা দেওয়া হয়েছে।
গাজার নিজস্ব কোনো জাতীয় ফুটবল দল নেই। গাজা ও পশ্চিম তীরকে নিয়ে গঠিত একীভূত ফিলিস্তিনি দল ফিফার স্বীকৃতি পেয়েছে ১৯৯৮ সালে। তবে দলটি কখনও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ইনফান্তিনো বলেন, "ফুটবল বা সকার বিশ্বের সর্বজনীন ভাষা। এটি আশা, আনন্দ ও সুখের প্রতীক। এটি মানুষকে এক করে, বিশ্বকে একত্র করে।"
তিনি একটি ভিডিও প্রদর্শন করেন, যেখানে বলা হয়, "একটি সাধারণ বল। সর্বজনীন একটি মাঠ। নতুন করে আশা জাগানোর একটি কারণ।" ভিডিওতে উল্লেখ করা হয়, ফিফা শান্তি বোর্ডের সঙ্গে যৌথভাবে কাজ করছে যাতে ফুটবলকে `শান্তি, মর্যাদা ও আশার সেতুবন্ধে` রূপ দেওয়া যায়।
ভিডিওতে গাজায় বয়সভিত্তিক, অপেশাদার ও আঞ্চলিক পর্যায়ে ফুটবল লিগ চালুর পরিকল্পনার কথাও বলা হয়েছে। পাশাপাশি কমিউনিটি ও ভবিষ্যৎ প্রজন্মকে সহায়তা করতে একটি `পূর্ণাঙ্গ ফুটবল কাঠামো` গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।