রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

তরুণ সামাজিক উদ্যোক্তাদের এগিয়ে নিতে ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের ফেলোশিপ

টিএনসি রিপোর্ট

প্রকাশিত: : এপ্রিল ১৯, ২০২৬, ১২:৪৬ পিএম

তরুণ সামাজিক উদ্যোক্তাদের এগিয়ে নিতে  ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের ফেলোশিপ

দেশের অনেক তরুণ হাঁটছেন নতুন উদ্যোগ তৈরির পথে। তরুণদের এসব উদ্ভাবন ও সামাজিক উদ্যোগকে টেকসই রূপ দিতে পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম চালু করেছে ‘আমরা নতুন তরুণ সামাজিক উদ্যোক্তা ফেলোশিপ প্রোগ্রাম’। এই ফেলোশিপের আওতায় নির্বাচিত তিনটি উদ্ভাবনী উদ্যোগকে প্রাথমিক পর্যায়ে আর্থিক সহায়তা বা সিড ফান্ডিং দেওয়া হয়েছে। প্রতিটি উদ্যোগ পেয়েছে নূন্যতম ৩লাখ টাকা। 
রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ১৬ এপ্রিল বৃহস্পতিবার এই ফেলোশিপের লেটার অব অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্‌ তরুণ উদ্যোক্তাদের হাতে ফেলোশিপের স্বীকৃতি হিসেবে প্রতীকী চেক তুলে দেন। এ সময় আসিফ সালেহ্ ফেলোশিপ জয়ীদের কথা শোনেন এবং বিভিন্ন বিষয়ে তাদের পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান। 
এ বছর ফেলোশিপে অন্তর্ভুক্ত হয়েছে ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর বিজয়ী তিনটি দল—‘স্টোরিজ অব ইনক্লুশন’, ‘জলশিখা’ এবং ‘গুড্ডু টয়েজ’। এর মধ্যে ‘স্টোরিজ অব ইনক্লুশন’ প্রতিবন্ধী শিশুদের জন্য অডিওবুক তৈরি করছে, নারিকেলের খোসা থেকে পরিবেশবান্ধব চারকোল উৎপাদনের প্রকল্প ‘জলশিখা’ এবং শিশুদের জন্য শিক্ষামূলক খেলনা তৈরির প্রকল্প ‘গুড্ডু টয়েজ’। সৃজনশীলতা, সমাজে ইতিবাচক পরিবর্তন ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখছে এই উদ্যোগগুলো।
ফেলোশিপ বিজয়ীদের পক্ষ থেকে মুসাররাত জাহান এশা, মারিয়া জাহান রিভা এবং হাসিবুল হাসান তাদের প্রকল্প, ভবিষ্যতের পরিকল্পনা ও স্বপ্নগুলো তুলে ধরেন।   
অনুষ্ঠানে জানানো হয়, ফেলোশিপ প্রোগ্রামটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা পাবেন সামাজিক উদ্যোক্তা হিসেবে ক্লাসরুমভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মেন্টরশিপ, নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং সিড ফান্ডিং। পাশাপাশি ফেলোশিপের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগ রাখা হয়েছে, যেখানে তারা প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন। 
ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্ম মনে করে, এ ধরনের উদ্যোগ দেশের তরুণদের সামাজিক পরিবর্তনের নেতৃত্বে এগিয়ে আসতে উৎসাহিত করবে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!