বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬

জাতীয় নির্বাচনের পর হবে ঢাকায় আতিফ আসলামের স্থগিত কনসার্ট

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : ডিসেম্বর ২২, ২০২৫, ১১:১৩ এএম

নিরাপত্তাজনিত কারণে ঢাকায় স্থগিত হওয়া আতিফ আসলামের কনসার্টটি বাতিল নয়—জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন তারিখে আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

জাতীয় নির্বাচনের পর হবে ঢাকায় আতিফ আসলামের স্থগিত কনসার্ট

ঢাকায় নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়া আতিফ আসলামের বহুল আলোচিত কনসার্টটি পুরোপুরি বাতিল হয়নি। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর কনসার্টটি নতুন তারিখে অনুষ্ঠিত হবে।

১৩ ডিসেম্বর কনসার্ট স্থগিত হওয়ার পর শুক্রবার রাতে আতিফ আসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে জানান, সে কনসার্ট আবার অনুষ্ঠিত হবে। তিনি আশ্বস্ত করেন, ১৩ ডিসেম্বরের জন্য কেনা সব টিকিট আগামী শোর ক্ষেত্রেও বৈধ থাকবে। মেইন স্টেজও আতিফের এ তথ্য শেয়ার করে তা নিশ্চিত করেছে।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, যারা টিকিট কেটেছিলেন, তারা চাইলে সেই টিকিট দিয়েই নতুন তারিখের কনসার্ট উপভোগ করতে পারবেন। তবে যারা নতুন তারিখে অংশ নিতে আগ্রহী নন, তাদের জন্য রিফান্ডের সুযোগ রাখা হয়েছে। রিফান্ডের প্রক্রিয়া ২১ ডিসেম্বর শুরু হয়ে ১০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন হবে। নির্দিষ্ট ওয়েবসাইটের লিংকে লগ ইন করে টিকিটধারীরা রিফান্ডের আবেদন করতে পারবেন। একবার রিফান্ড সম্পন্ন হলে সংশ্লিষ্ট টিকিট স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে।

উল্লেখ্য, পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিতব্য ‘মেইন স্টেজ শো–২০২৫’-এ আতিফ আসলামের পাশাপাশি ফুয়াদ, নেমেসিসসহ দেশীয় শিল্পীরা পারফর্ম করার কথা ছিল।

Link copied!