বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

১৬ বছর পর আজ ফের সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ২৭, ২০২৬, ১২:৪৪ এএম

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর আবারও সম্প্রচারে ফিরছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।

১৬ বছর পর আজ ফের সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

গতকাল রোববার (২৬ এপ্রিল) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন। তিনি বলেন, ‘২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য-বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে চ্যানেল ওয়ান যাত্রা শুরু করে। শুরু থেকেই আমরা দর্শকের চাহিদার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ এবং রুচির বিষয়টি গুরুত্ব দিয়েছি। ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের প্রধান কাজ-আমরা শুরু থেকেই সেই নীতিতে অটল ছিলাম। এ কারণেই সে সময় চ্যানেল ওয়ান অনেক মন্ত্রীর বিরাগভাজন হয়েছিল।’

তিনি বলেন, সংবাদের দলনিরপেক্ষতা ও নৈতিক অবস্থান বজায় রাখার কারণেই চ্যানেল ওয়ান দ্রুত দর্শকপ্রিয়তা অর্জন করে।

সম্প্রচার শুরুর ৪ বছরের মাথায় ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদ শুরুর আগ মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ হয়ে যায়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তখন হাইকোর্টে আবেদন করা হলেও চ্যানেল বন্ধের আবেদনটি তখন খারিজ হয়ে যায়। ফলে এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করে চ্যানেল ওয়ান।

গিয়াস উদ্দিন আল মামুন বলেন, ‘চব্বিশের জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা আবারও সম্প্রচারের অধিকার ফিরে পাওয়ার লড়াই শুরু করি। অবশেষে আমরা সফল হয়েছি।’

তিনি জানান, চ্যানেল ওয়ান বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০১০ সালে যে সিদ্ধান্ত দিয়েছিল, গত বছরের ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ তা স্থগিত করে। ফলে সম্প্রচারের সব আইনি বাধা দূর হয়। গিয়াস উদ্দিন আল মামুন বলেন, ‘২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে আমরা আবার বাণিজ্যিক সম্প্রচার শুরু করব। ১৬ বছর আগে ঠিক এই দিন, এই সময়েই চ্যানেলটি বন্ধ হয়েছিল। তাই একই দিন ও একই ক্ষণে আবারও ফিরে আসছি।’

চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, আগের মতোই এবারও সংবাদে দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার নীতি বজায় রাখা হবে। দর্শকের আস্থা ও জনপ্রিয়তার জায়গাটি ধরে রেখে নতুন যাত্রা শুরু করবে চ্যানেলটি।

Link copied!